৩ মাসের মধ্যে খুলছে দারোয়ানী টেক্সটাইল মিল, বন্ধ সব জুটমিল চালুর ঘোষণা পাট প্রতিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের ঝিমিয়ে পড়া পাট ও বস্ত্র খাতকে চাঙ্গা করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে নীলফামারীর বন্ধ থাকা ঐতিহাসিক দারোয়ানী টেক্সটাইল মিল চালুর ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। রোববার (১২ এপ্রিল) সকালে মিলটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যর্থতায় দেশের অনেক গুরুত্বপূর্ণ মিল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সেগুলোকে সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে। দারোয়ানী টেক্সটাইল মিল সচল করার জন্য ইতিমধ্যে বিনিয়োগকারী পাওয়া গেছে। একইভাবে দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সমস্ত বন্ধ জুটমিলগুলো চালুর ব্যাপারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

পাটের সুদিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায়, সরকার সে বিষয়ে বিশেষ জোর দিয়েছে। এছাড়া পলিথিন ও প্লাস্টিক পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা করতে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দ্রুতই একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হবে।”

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফ, বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *