হাতিয়ায় কোস্ট গার্ডের বড় অভিযান: শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ৪

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১১ এপ্রিল) ভোরে নলচিরা ঘাট সংলগ্ন নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তেল পাচারের অভিযোগে ৪ জনকে আটক ও পরিবহণ কাজে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নামানো ৪ হাজার ৮০০ লিটার পেট্রল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত এই জ্বালানি তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৪ পাচারকারীকে আটক করা হয়। আটকরা হলেন—নলচিরা ইউনিয়নের মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) ও মো. ফয়েল (১৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এই জ্বালানি দেশের অভ্যন্তরে বিক্রির জন্য আনছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত জ্বালানি তেল, নৌকা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *