শিক্ষার্থীদের দীর্ঘ বছরের শিক্ষা ও সাধনার সার্থকতা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ক্যারিয়ার ও দক্ষতাভিত্তিক করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (১২ এপ্রিল) সকালে ধানমন্ডি ড্যাফোডিল প্লাজায় ‘স্কিল ইজ দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়অ্যাবিলিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক। শিক্ষার্থীরা যে সময় ও শ্রম বিনিয়োগ করে, তার বিনিময়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ প্রাপ্য। আর সেই ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হলো দক্ষতা।”
প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে দক্ষ জনশক্তির অভাবে অনেক প্রতিষ্ঠানে বিদেশিরা কাজ করে বেতন নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বদলে দিতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় দক্ষতার বীজ বপন করতে চায় সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি জবাবদিহিমূলক সমাজ ও দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষ পুরস্কারের ঘোষণা দেন। তিনি বিশেষ করে ‘ক্রাইম প্যাটার্ন রিকগনিশন’ ও ‘ক্রাইম ডিটেকশন সফটওয়্যার’ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি জানান, যদি কোনো শিক্ষার্থী এমন কার্যকর সফটওয়্যার বা ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে পারে, তবে সরকার তাকে পুরস্কৃত করবে এবং প্রকল্পটি বাজারজাত করতে সব ধরনের সহযোগিতা দেবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী ও তরুণ উদ্যোক্তাদের মিলনমেলা বসে।



