অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে নতুন দ্বীপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বরফে ঢাকা অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে এক নতুন ভূখণ্ডের সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক একদল অভিযাত্রী। আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট (AWI) সম্প্রতি নতুন এই দ্বীপ আবিষ্কারের তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

৯৩ সদস্যের বিশাল আন্তর্জাতিক দলটি ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অ্যান্টার্কটিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েডেল সাগরে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছিলেন। অভিযানের এক পর্যায়ে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হয়ে উঠলে দলটি জয়েনভেল্লি আইল্যান্ড-এ (Joinville Island) আশ্রয় নেয়। সেখানে অবস্থানকালে বিজ্ঞানী ও জাহাজের ক্রুরা হঠাৎ একটি ছোট দ্বীপ দেখতে পান। আশ্চর্যের বিষয় হলো, এই অংশটি আন্তর্জাতিক নৌ-মানচিত্রে আগে কেবল ‘বিপজ্জনক এলাকা’ হিসেবে চিহ্নিত ছিল।

অভিযানের অন্যতম সদস্য সাইমুন দিরুত্তি আবিষ্কারের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বলেন, “আমরা জানালার বাইরে তাকিয়ে একটি আইসবার্গ দেখেছিলাম, যা দেখতে কিছুটা ময়লাযুক্ত মনে হচ্ছিল। কৌতূহলবশত কাছ থেকে পর্যবেক্ষণ করে বুঝলাম এটি আসলে পাথর। এরপর আমরা সেটির দিকে এগোতে থাকি এবং নিশ্চিত হই যে এটি একটি নতুন দ্বীপ।”

গবেষকদের পরিমাপ অনুযায়ী, নবআবিষ্কৃত দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। এটি সমুদ্রপৃষ্ঠ বা পানির ওপর থেকে প্রায় ১৬ মিটার উঁচু। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ার কারণে এই ধরণের দ্বীপগুলো ক্রমশ দৃশ্যমান হচ্ছে কি না, তা নিয়ে এখন বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *