ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব খাটাতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই যুবক পাম্পে নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এতে তিনি উত্তেজিত হয়ে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ শুরু করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ও পাম্পের কর্মচারীরা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি একেক সময় একেক পরিচয় দিতে থাকেন। কখনো নিজেকে এনএসআই কর্মকর্তা, আবার কখনো ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস) সদস্য দাবি করেন। তার কাছ থেকে উদ্ধারকৃত একটি আইডি কার্ডে ‘আরব রিপাবলিক অব ইজিপ্ট’ ও আরবিতে লেখা তথ্য পাওয়া যায়। এছাড়া তার কাছে থাকা এনএসআইয়ের পরিচয়পত্রটি যাচাই-বাছাই শেষে ভুয়া হিসেবে শনাক্ত করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, আটকের পর জেলা থেকে এনএসআই কর্মকর্তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া সকল তথ্য ও পরিচয় অসত্য প্রমাণিত হওয়ায় পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাফিজ উল্লাহ নামের ওই যুবক স্থানীয় পৌরসভার ফয়লা কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।



