গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের মালিকানাধীন টিনশেড কলোনিতে এ আগুন লাগে। এতে অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ২০টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।



