নতুন বছরে কৃষকদের উপহার: টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নতুন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে দেশের কৃষকদের জন্য নতুন এক সুবিধার দুয়ার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে এদিন সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশানের বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করে। পহেলা বৈশাখের এই বিশেষ দিনে সদর উপজেলায় সরকারপ্রধানের উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উল্লেখ্য যে, ‘কৃষক কার্ড’ প্রবর্তন বিএনপির অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচি চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার কৃষি খাতে সরাসরি ভর্তুকি পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হলো।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং হিসেবে কর্মসূচিটি শুরু হচ্ছে। এই ধাপে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *