মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করল চীনা ট্যাংকার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জারি করা কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলের ট্যাংকার। মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনের কালো তালিকাভুক্ত জাহাজটি এই গুরুত্বপূর্ণ জলপথ পাড়ি দিতে সক্ষম হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এলএসইজি, মেরিনট্রাফিক এবং কেপলারের মতো আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘রিচ স্টারি’ নামের এই জাহাজটিই প্রথম নিষিদ্ধ ট্যাংকার, যা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘মুরলিকিশান’ নামের আরেকটি ট্যাংকার বর্তমানে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ১৬ এপ্রিল জাহাজটি ইরাক থেকে অপরিশোধিত তেল বোঝাই করবে। আন্তর্জাতিক অঙ্গনে ‘এমকেএ’ নামে পরিচিত এই জাহাজটি এর আগেও রাশিয়া এবং ইরানের তেল পরিবহনের কাজে যুক্ত ছিল বলে জানা গেছে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা ও অন্যান্য জাহাজের এই চলাচল ওয়াশিংটনের বৈশ্বিক অবরোধ নীতির কার্যকারিতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *