নববর্ষের দিনে খালেদা জিয়াকে স্মরণ মির্জা ফখরুলের: ফেসবুকে শেয়ার করলেন স্মৃতিময় ছবি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বছর ঘুরে আবারও ফিরে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর ১৪৩৩-এর সূচনালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্মৃতিময় ছবি পোস্ট করেন মির্জা ফখরুল। ছবিতে দেখা যায়, পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে তিনি কবিতা আবৃত্তি করছেন এবং পেছনের সারিতে বসে মনোযোগ দিয়ে তা শুনছেন খালেদা জিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এদিন ছিল একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সবসময় খুব মনে পড়ে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।’

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বিবৃতিতে তিনি বলেন, “নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসবে বৈরিতা ও দ্বন্দ্ব থাকবে না, প্রাণ-প্রাচুর্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষ জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনায় সুন্দর ও সমৃদ্ধ আগামী নির্মাণ করা। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরের গতিশীল কর্মপ্রবাহে দেশ ও জাতি উন্নতির পথে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *