চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ: তোপের মুখে এলাকা ত্যাগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও সাবেক আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসভবনে গিয়ে স্থানীয় ছাত্রদল ও জুলাই আন্দোলনের কর্মীদের তীব্র প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ নামক বাসভবনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ ওই বাসায় পৌঁছালে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই জুলাই বিপ্লবের যোদ্ধা, ছাত্রদল কর্মী ও স্থানীয় জনতা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। তারা হাসনাত আবদুল্লাহর আগমনের উদ্দেশ্য এবং সেখানে কোনো গোপন বৈঠক হচ্ছে কি না, তা নিয়ে কৈফিয়ত দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ ছাত্রজনতা হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরে প্রশ্ন করছেন— “আপনি একজন জুলাই যোদ্ধা হয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কী কাজ?” এ সময় হাসনাত আবদুল্লাহ উপস্থিতদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে একপর্যায়ে তিনি দ্রুত ওই বাসা থেকে বের হয়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে অবস্থানকালে সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। রাতে দলটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

উল্লেখ্য, এম. মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হলেও পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য ও মেয়র পদের জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কোনো দলীয় পদে ছিলেন না, তবে আওয়ামী লীগের সাথে তার পূর্বের সম্পৃক্ততা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *