প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগের নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশি তদন্তের (পুলিশ ভেরিফিকেশন) মাধ্যমে পূর্ব কার্যকলাপ এবং তাঁদের জমা দেওয়া সব কাগজপত্র ও ডকুমেন্টের সত্যতা যাচাই করতে হবে। এর পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন সংগ্রহ করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

তাছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত পদায়নের আগে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) দুই মাস মেয়াদি একটি বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশি তদন্ত, এনএসআই প্রতিবেদন এবং দুই মাসের এই প্রশিক্ষণ সন্তোষজনক হওয়া সাপেক্ষেই কেবল নিয়োগপ্রাপ্তদের মূল চাকরিতে যোগদান করানো হবে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ এর সব শর্ত পূরণ সাপেক্ষে চাকরিতে যোগদানের দুই বছর পর তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হবে।