সৌদি আরবের রাস তানুরায় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আজ রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ৩টা) এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জন আরোহীর সবাই সৌদি নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রশাসন।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের রাস তানুরাই টার্মিনালে সৌদি আরামকোর অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম প্রায় চার মাস সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর গত শুক্রবারই (২৬ জুন) সেখানে পুনরায় তেল লোডিংয়ের কাজ শুরু হয়েছিল, যার মাত্র দুদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।



