আগামী দিনে দেশের টেক্সটাইল খাতকে আরও গতিশীল করতে গবেষণা, নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে বলেন, বুটেক্সে ভর্তি হওয়া অন্য কোথাও সুযোগ না পাওয়ার বিকল্প কোনো মাধ্যম নয়, বরং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের বিভিন্ন খাতের নেতৃত্ব দেবে। এর সপক্ষে প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, চলতি বছর বুটেক্সের প্রায় ২০ জন শিক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বুটেক্সের সাবেক শিক্ষার্থীরাও দেশে-বিদেশে সাফল্যের সঙ্গে কাজ করছেন।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পোশাক দেখা যেমন গর্বের, তেমনি এখন দেশের অভ্যন্তরীণ বাজারেও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনে তিনি নতুন শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও প্রকৌশল শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং সরকারের মূল লক্ষ্য হলো দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা। এই উদ্দেশ্যে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মিড-ডে মিল, ইউনিফর্ম এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে এবং এই ধারাবাহিকতায় ২০২৭ সালে পরিমার্জিত এবং ২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দীর্ঘদিনের দাবির বিষয়ে কথা বলেন মন্ত্রী। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন হলেও একে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত করেন তিনি। ড. এহছানুল হক মিলন আশ্বাস দেন যে, দাবিটি ইতিবাচক বিবেচনার জন্য তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেক্সটাইল খাতকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে তাদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে সরকার সব সময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবাগত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



