৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত আবদুল্লাহ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত বর্তমানে ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কোনো প্রকার পাসপোর্ট বা ভিসা ছাড়াই আশ্রয় দিয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” তিনি আরও মন্তব্য করেন যে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে অনেক আগেই বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল।

ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “যারা আমাদের দেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সাথে সম্পর্ক রাখার কোনো ঠেকা আমাদের নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনারা আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দিবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দিব না।”

সীমান্ত পরিস্থিতি ও সার্বভৌমত্ব নিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। কিন্তু সীমান্তে আমাদের দেখামাত্র গুলি করলে আমরা সালাম দেওয়ার নীতিতে থাকব না। গুলি করতে না পারলেও অন্তত ঢিল মেরে এর প্রতিবাদ করব।”

সাংস্কৃতিক আধিপত্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, টেলিভিশন ও সিনেমার মাধ্যমে দেশে ভারতীয় কালচার ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি তরুণ প্রজন্মকে লড়াই চালিয়ে যাওয়ার এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আগের প্রজন্ম গোপনে যোগাযোগ বজায় রাখে, তাই এই নতুন প্রজন্মকেই দেশের স্বার্থ রক্ষায় রুখে দাঁড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *