দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে পরিষ্কার জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বিকেএমইএ (BKMEA) ভবনে জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিরাপত্তা শঙ্কা ও পারিবারিক চাপের কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই।” তিনি আরও যোগ করেন যে, প্রার্থী যে নিরাপত্তাহীনতার কথা বলেছেন, সেটি তাঁর ব্যক্তিগত অনুভূতির বিষয় হতে পারে, কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। পরিবেশ যদি সত্যিই অনিরাপদ হতো, তবে এমন আয়োজন সম্ভব হতো না।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিক ও নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিকেএমইএ-র পক্ষ থেকে পুলিশকে যানবাহন উপহার দেওয়ার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় নতুন যানবাহনগুলো জননিরাপত্তা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে সহায়ক হবে।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁর ওপর হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিকেএমইএ সভাপতি মো. হাতেম এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *