খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন যেমন ছিল, সেটি মেইনটেইন করে যাচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।” চিকিৎসকরা আশা প্রকাশ করছেন যে, যথাযথ চিকিৎসা চললে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর লিভার, কিডনি, হার্ট ও ফুসফুসের জটিলতার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কিডনির কার্যকারিতা আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে দীর্ঘদিনের অসুস্থতা এবং বয়স বিবেচনায় তাঁকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন এবং প্রতিদিন হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসার বিষয়ে সরাসরি যুক্ত রয়েছেন। এছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং অন্যান্য স্বজনরা নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছেন।

ডা. জাহিদ আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা আকাশযাত্রার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদেশে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নিয়মিত পরামর্শ নিয়ে দেশেই তাঁর চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *