আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার কৌশলে ব্যাপক পরিবর্তন আনছে বিএনপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম দফায় ১০৭ জন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ও কর্মশালা করেছে দলটির হাইকমান্ড।
বৈঠকে অংশ নেওয়া প্রার্থীদের জানানো হয়েছে, এবারের নির্বাচনে মূল ফোকাস হবে দলের ‘৩১ দফা’ এবং নতুনভাবে ঘোষিত ‘৮ দফা’ (এইট পিলার)। এই ৮ দফার মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য বিশেষ উন্নয়ন সেবা। প্রার্থীরা কীভাবে এসব জনকল্যাণমূলক পরিকল্পনা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবেন, সে বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চূড়ান্ত দিকনির্দেশনা দেন। তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, নির্বাচনি আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় এবং প্রচারণার প্রতিটি পদক্ষেপে কৌশল বজায় রাখতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে ব্যাংকের ঋণ বা অন্যান্য আইনি জটিলতার কারণে যদি কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, তবে সেই আসনে কার্পেট হিসেবে ‘বিকল্প প্রার্থী’র নামও চূড়ান্ত করে রাখা হয়েছে।
গুলশানের এই বৈঠক আজ দ্বিতীয় দফায় চলবে এবং শুক্রবার বিরতি দিয়ে আগামী শনিবার শেষ হবে। নির্বাচনের জন্য মাঠ গোছানোর পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়ার প্রযুক্তিগত বিষয়গুলোও এই কর্মশালায় প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।



