সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মো. মোতালেব হোসেন নামে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি র্যাব-৭-এ ডিএডি পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন সদস্য গুরুতর আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডিএডি মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মোহাম্মাদ নাজির আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে থানা পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সন্ত্রাসপ্রবণ হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টের খবর সন্ত্রাসীরা আগেভাগেই পেয়ে যায়।
জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড় কাটা, সরকারি জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিনের চিহ্নিত এলাকা। এর ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে পাহাড়ের ওপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর প্রায়ই হামলা চালানো হয়। এর আগেও ২০২৩ এবং ২০২২ সালে সেখানে উচ্ছেদ অভিযান ও পাহাড় কাটা রোধে গিয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দফায় দফায় হামলার শিকার হয়েছেন।
সর্বশেষ গত বছরের অক্টোবর মাসেও ওই এলাকায় দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে সাংবাদিকরাও লাঞ্ছিত হয়েছিলেন। জঙ্গল সলিমপুরে অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।



