বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদান করলেন মোস্তাকুর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যোগদান করেছেন মোস্তাকুর রহমান এফসিএমএ। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মতিঝিলস্থ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান একজন সফল ব্যবসায়ী ও শিল্প ব্যবস্থাপক হিসেবে পরিচিত। তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, মোস্তাকুর রহমান পেশাগত জীবনে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার। তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। এছাড়া ডিসিসিআই, রিহ্যাব এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ধারা ১০(৫) মোতাবেক তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গভর্নর হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী, তাকে পূর্বের সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে তার এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *