সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুর্নীতির মামলায় গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক এই আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে গুলশানের রোড নং ৭১-এ (বাড়ি নং ১১এ ও ১১বি) ইস্টার্ণ হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (বি/২০১) অবৈধভাবে বুঝে নেন। রাজউকের আইন উপদেষ্টা থাকাকালীন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে ইস্টার্ণ হাউজিংকে আমমোক্তার ও ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে দেন। এর বিনিময়ে কোনো টাকা পরিশোধ না করেই তিনি ফ্ল্যাটটি পারিতোষিক হিসেবে গ্রহণ করেন।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, টিউলিপ সিদ্দিক মামলার আলামত বিনষ্টের চেষ্টা করছেন এবং ইতিমধ্যে দেশত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে তাকে বিচারের আওতায় আনতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা বা রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।



