প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বর্তমান সরকার নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বাস করেন, নারীর মর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায্যতা অর্জন অনেক বেশি সহজতর হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, দেশের সন্তানদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করতে কাজ চলছে, যাতে তারা দেশ ও বিদেশের কর্মসংস্থানে অগ্রাধিকার পায়। এই লক্ষ্য বাস্তবায়নে মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ‘তৃতীয় ভাষা’ শিক্ষা এবং শিক্ষাক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘কারিগরি শিক্ষা’ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইফতারের আনুষ্ঠানিকতার আগে ডা. জুবাইদা রহমান আমন্ত্রিত সুবিধাবঞ্চিত শিশুদের কাছে যান এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের কুশল বিনিময় ও খোঁজখবর নেন। পরে তিনি শিশুদের সাথে নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।



