ভারতীয় ভিসা স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের সাথে আলোচনা চলছে এবং ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে শামা ওবায়েদ নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “দল ও পক্ষের নামে মারামারি এবং কোন্দল বন্ধ করতে হবে। মারামারি করে মামলা-হামলায় জড়ালে কারও লাভ হয় না। আমাদের লক্ষ্য হওয়া উচিত রাস্তাঘাট ঠিক করা, শিক্ষার মানোন্নয়ন এবং ভাইবোনদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্নয়নমূলক কাজ করা।”

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমি এখানে এমপি বা মন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের সন্তান হিসেবে এসেছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার প্রতিনিধি। আমার বাবা কে এম ওবায়দুর রহমান আমৃত্যু আপনাদের পাশে ছিলেন, আমিও আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো পরিচয়ের প্রয়োজন নেই।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply