জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

তরুণ প্রজন্মের হাত ধরে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটির যাত্রা শুরু হয়েছিল। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক এবং শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। ইফতারের পাশাপাশি সেখানে দলটির এক বছরের রাজনৈতিক পথচলার ওপর ভিত্তি করে ‘স্ট্রিট ওয়াল’ নামক চিত্রপ্রদর্শনী ও ফটো বুথের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই এনসিপি রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নির্বাচন কমিশন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নিবন্ধিত হওয়ার পর দলটি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে যুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ২৯টি আসনে লড়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ ৬ নেতা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, কেন্দ্রীয় কর্মসূচির পর বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল পালন করা হবে। ২ মার্চ চট্টগ্রামে কর্মসূচির মাধ্যমে শুরু হয়ে ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই বিভাগীয় সফর শেষ হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা সকল সহযোদ্ধাদের পুনর্মিলনী হিসেবে দেখছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *