জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের ঐক্যবদ্ধ কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সকালে তেজগাঁওয়ে কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারা সেই সরকারেরই অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই ভালো ফলাফল দেবে, যখন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন।” তিনি আরও যোগ করেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের দায়িত্বও আমাদেরই নিতে হবে।”

জনাব তারেক রহমান উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত প্রতিটি প্রতিশ্রুতি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে তিনি কর্মকর্তাদের সহযোগিতা চান। বিশেষ করে দেশ থেকে দুর্নীতি দূর করতে তিনি জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন।

জননিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন সবসময় নিরাপদ বোধ করেন।” একই সঙ্গে তিনি দাপ্তরিক গোপনীয়তা রক্ষা এবং জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে আসতে কঠোরভাবে সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং কার্যালয়ের কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *