ক্যাপিটল হিলে ইরানের পক্ষে স্লোগান: পুলিশের ধস্তাধস্তিতে হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি গুরুত্বপূর্ণ শুনানি চলাকালে নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মার্কিন মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানি চলাকালে তাকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার হাত ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যখন সাক্ষ্য দিচ্ছিলেন, তখন ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, “ইসরায়েল এই যুদ্ধের জন্য দায়ী।” তিনি দাবি করেন, ইসরায়েলের স্বার্থে মার্কিন নাগরিকরা যুদ্ধ করতে চায় না। এই সময় তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাকগিনিস দরজার ফ্রেম শক্ত করে আঁকড়ে ধরে বাধা দিচ্ছিলেন। এই ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত ভেঙে গেলে তিনি চিৎকার করে ওঠেন। পরে ম্যাকগিনিস নিজেই গণমাধ্যমে স্বীকার করেন যে, তার হাতে গুরুতর আঘাত লেগেছে এবং হাড় ভেঙে গেছে।

ঘটনার পর রিপাবলিকান সিনেটর টিম শিহি এক্সে (সাবেক টুইটার) পোস্টে দাবি করেন, ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং পরিস্থিতি শান্ত করতেই তিনি এগিয়ে গিয়েছিলেন। অন্যদিকে, ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানায়, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে বাধা দিয়েছিলেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি বিক্ষোভ এবং হামলার অভিযোগে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *