বাংলাদেশসহ ৬ বন্ধুপ্রতীম দেশের জাহাজকে হরমুজ প্রণালীতে চলাচলের সুবিধা দিল ইরান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতীম’ দেশের জাহাজকে এই প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। যেসব দেশ ইরানের সঙ্গে সমন্বয় করছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত ইতোমধ্যে এই সুবিধা পেয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কিংবা যারা এই চলমান সংঘাতের সাথে জড়িত, তাদের জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিপিং তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২০টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করলেও মার্চ মাসে বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি আমদানি ও সরবরাহ চেইনে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *