আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে বিধ্বস্ত করে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ভারতের এই অভাবনীয় সাফল্যে ক্রিকেট বিশ্ব যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন সম্পূর্ণ ভিন্ন সুরে বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার দাবি, ভারতের এই অতি-আধিপত্য আধুনিক ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
একটি ক্রীড়া অনুষ্ঠানে আলাপকালে আখতার ভারতের বিজয়কে একটি রূপক উদাহরণের মাধ্যমে আক্রমণ করেন। তিনি বলেন, “ভারতের আচরণ অনেকটা পাড়ার সেই ধনী শিশুর মতো, যে কি না গরিব ছেলেদের ডেকে নিজের বানানো নিয়মে ক্রিকেট খেলে এবং শেষে বিজয়ী দাবি করে। ভারত বর্তমানে ক্রিকেটে ঠিক তা-ই করছে।” টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, তারা নিজেদের সুবিধা অনুযায়ী দল বিন্যাস করে পুরো খেলাটার সৌন্দর্য নষ্ট করে ফেলেছে।
মজার বিষয় হলো, ফাইনালের আগে আখতারের সুর কিছুটা নরম ছিল। তখন তিনি ভারতকে ফেভারিট মানলেও ‘ক্রিকেটের স্বার্থে’ নিউজিল্যান্ডের জয় কামনা করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারার স্মৃতি এবং ১৫০ কোটি মানুষের প্রত্যাশার চাপ ভারতের ওপর কাজ করতে পারে।
তবে ঢালাও সমালোচনা করলেও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকার প্রশংসা করতে ভোলেননি আখতার। তিনি স্বীকার করেছেন যে, কঠিন সময়ে খেলোয়াড়দের ওপর আস্থা রাখার যে সংস্কৃতি গম্ভীর তৈরি করেছেন, সেটিই বড় টুর্নামেন্টে ব্যবধান গড়ে দিচ্ছে। শোয়েব আখতারের এমন দ্বিমুখী মন্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



